কবিতা :১
বৈপরীত্য ভাল লাগে খুব
কারণ তেরছা রোদে এখনও শুকিয়ে নিই
যাপনকাল
আর তোমাকে চাইতে চাইতে
অবশেষে প্রান্তিক
এ কেমন ভূমিকা রেখেছে যৌবন
পাটিগণিত জেনেছে হিসেব
এবং
নিশ্বাস জেনেছে সুগন্ধ ওম
তাই এখন সূর্যকনায় রঙিন লিপিমালা
প্রজাপতি কিংবা দুটি চোখ
বিবর্তিত হতে হতে
ঢুকে পড়ে
শহরের পিস হ্যাভেন ছাড়িয়ে গঙ্গায়...
স্রোত 'তোমাকে চাইলে
তুমি নদী
মোহনার দিকেই বাড়িয়ে তোমার তর্জনী
আমি বৃহত্তর উৎসবে যোগ দিই
এবং...
কবিতা :২
এবার জলজ জীবন
অতলের খোঁজ
কেউ কি জানে মিথ কেন ভাঙে
গড়ে ওঠে জায়মানতার স্থাপত্য
কিংবা
লেখচিত্র গাণিতিক
হয়তো এর সারবত্তা আছে কিংবা নেই
কিংবা
আবহমান নদীর মতো প্রবাহিত বলেই এমন প্রাচুর্য
চোখ বন্ধ করি
পাথর সরে যায়
আর
গভীরতার খোঁজ জানা মাছেরা আমাকে পৌঁছে দেয়
দিকশূন্যতায়...

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন